অভয়নগরে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: June 26, 2025

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- খুলনার রেলওয়ে ঘাট কলোনি এলাকার গফুর গাজীর ছেলে মমিন গাজী (৫২) এবং একই এলাকার গ্রিনল্যান্ড আবাসন সি-ব্লকের মৃত আঃ মান্নান খানের ছেলে মুন্না খান ওরফে নূর ইসলাম (৪৩)।

মঙ্গলবার (২৫ জুন ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে অভয়নগর থানার এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্পের আওতাধীন প্রেমবাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মমিন গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা সহ মোট পাঁচটি মামলা রয়েছে এবং মুন্না খানের বিরুদ্ধেও থানায় দুইটি মামলা রয়েছে।

এ ঘটনায় অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং-১৫, তারিখ ২৫/০৬/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।