কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৫, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বক্কর ওই ইউনিয়নের পূর্বকেদার (সাধুর মোড়) এলাকার মৃত সুজাব আলী খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাড়ি ফিরছিলেন বক্কর। সাধুর মোড় এলাকায় পৌঁছালে কচাকাটা থেকে ভূরুঙ্গামারীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ‘মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’

কচাকাটা থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।