ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: December 13, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুবদল সভাপতি রায়হান কবির এবং ছাত্রদল সভাপতি আমিমুল ইহছান প্রমুখ।

বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশে এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।