📰 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে সহযোগিতা কঠিন হবে: বিএনপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- 📍ঢাকা, ২৭ মে ২০২৫: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতার বার্তা দিলেও সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। আজ গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই কথা বলেন।

তিনি জানান, ২৪ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এরপর সরকারপক্ষ থেকে যে বিবৃতি এসেছে তা “অস্পষ্ট ও বিভ্রান্তিকর” বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির মতে, দেশের জনগণ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন চায় এবং সে লক্ষ্যে রোডম্যাপ ঘোষণাই এখন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, “সরকার যদি জনগণের প্রত্যাশিত রোডম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয়, তবে সরকারের প্রতি বিএনপির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।”

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিলম্বে সরকারের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে দলটি।

ড. মোশাররফ হোসেন বলেন, “দেশের স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ব্যবসা-বাণিজ্যে গতি আনতে সরকারকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে।”