নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় পরিচয়পত্রের (NID) সংবেদনশীল তথ্য চুরি ও সার্ভারে অবৈধ প্রবেশ করে তা বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের একজন কম্পিউটার অপারেটরসহ দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলেন— গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাবীবুল্লাহ (৪১) এবং আউটসোর্সিং ডাটা এন্ট্রি অপারেটর মো. আলামিন (৩৯)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এক অভিযানে রাজধানীর আগারগাঁও ও মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
সিআইডির তদন্তে জানা গেছে, এই চক্রটি নির্বাচন কমিশনের মূল সার্ভারের গোপনীয় আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত তথ্য পাচার করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় সাইবার নিরাপত্তা আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা করা হয়েছে। সিআইডি জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং অবৈধভাবে উপার্জিত অর্থের পূর্ণাঙ্গ উৎস অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।