হাজারীবাগে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারিসহ আটক ৬

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: January 22, 2026

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর হাজারীবাগের সিটি কলোনি এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারি ও পাঁচজন মাদক সেবনকারীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ৩০ ফিল্ড রেজিমেট আর্টিলারির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক কারবারির নাম এরশাদ (৩৫)। তিনি কুমিল্লার হোমনা থানার ধরিচর গ্রামের ধুনো মিয়ার ছেলে। বাকি পাঁচজন মাদক সেবনকারী হলেন— সিরাজগঞ্জের হেলাল (৪৫), ভোলার ফারুক (২৮), নেত্রকোনার জামাল (৩০) ও রিপন (৩২) এবং ঢাকার হাজারীবাগের আল আমিন (২২)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লেফটেনেন্ট মশিউরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটককৃতদের কাছ থেকে ২১০ পুরিয়া গাঁজা এবং নগদ ১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মেডিকেল পরীক্ষা শেষে রাত পৌনে ১০টার দিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।