মোঃ রফিকুল ইসলাম টিটু ,
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা: নাসির ও স্বাস্থ্য কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় নিরাপদ স্বাস্থ্য সেবার পরিবেশ, আইনগত সুরক্ষা এবং চিকিৎসকদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোরাম।
এতে বক্তব্য রাখেন, আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা: শুভেন্দু শেখর দাশ, ডা: তানিয়া ইসলাম, ডা: আবু রায়হান সজীব, ডা: নাইম জুবায়েরসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
বক্তারা বলেন, গত ১৫ মে শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত আমাদের সহকর্মী ডা: নাসির ও কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ওপর যে বর্বরোচিত ও নগ্ন হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
একজন চিকিৎসক দিন-রাত এক করে, নিজের ক্ষুধা-তৃষ্ণা ভুলে, পরিবারের মায়া ত্যাগ করে হাসপাতালে ছুটেন মানুষের জীবন বাঁচাতে। অথচ বিনিময়ে তারা কী পাচ্ছেন? উপহার হিসেবে পাচ্ছেন রক্তাক্ত শরীর, লাঞ্ছনা আর মানসিক ট্রমা! শরীয়তপুরে ডা: নাসিরের ওপর যে হামলা হয়েছে, তা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি সমগ্র চিকিৎসাব্যবস্থা এবং মানবতার ওপর এক প্রচণ্ড আঘাত।
আমরা প্রশ্ন রাখতে চাই, এই অনিরাপদ পরিবেশের মধ্যে আমরা কীভাবে সাধারণ মানুষকে শতভাগ চিকিৎসাসেবা দেব? মাথার ওপর যখন ভয়ের তলোয়ার ঝুলতে থাকে, তখন একজন চিকিৎসকের হাত কাঁপতে বাধ্য। কর্মস্থলে যদি জীবনের নিরাপত্তা না থাকে, তবে ঘরে ঘরে নিরাপদ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমার এর স্থায়ী সমাধান চাই।
উল্লেখ -গত ১৫ মে বৃহস্পতিবার দিবাগত রাতে জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে মুমূর্ষু এক রোগীর মৃত্যুর পর প্রায় শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে চিকিৎসক ডা: নাসিরের ওপর হামলা চালায়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।