নিজস্ব প্রতিবেদক:
নয়ন রায়।
ফরিদপুর জেলার আলোচিত রিক্তা আক্তার গণধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ৪ নম্বর আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।
র্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কাশিয়ানী বাজার এলাকায় রাত ১০টা ৫০ মিনিটে এবং ভাট্রাইধোবা এলাকায় রাত ১টা ৫০ মিনিটে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চাঞ্চল্যকর রিক্তা আক্তার গণধর্ষণ ও হত্যা মামলার মূলহোতা ও এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— জুয়েল মীর (২৮), পিতা: জালাল মীর এবং রীবা বেগম (৪৭), স্বামী: জালাল মীর। তাদের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জুয়েল মীর নিহত রিক্তা আক্তারের স্বামী এবং রীবা বেগম তার শাশুড়ি। বিয়ের পর থেকেই ভিকটিমকে যৌতুকের দাবিতে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করা হতো। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে রিক্তা আক্তার দীর্ঘদিন এসব নির্যাতন সহ্য করে সংসার চালিয়ে যান।
এক পর্যায়ে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি রিক্তা আক্তার অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বোনের স্বামী হাফেজ আকরাম মাতব্বর বাদী হয়ে বোয়ালমারী থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।