
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করতে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’।
রবিবার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলো উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।
প্রতিযোগিতায় বাউসী অর্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথম, নেত্রকোণা সরকারি কলেজ দ্বিতীয় এবং কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা সদর উপজেলা প্রতিনিধি 


















