‘গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল-ফসলে স্বনির্ভর দেশ গড়ি’— এ স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর আশরাফুল ইসলাম, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কৃষি-শিল্প-বিজ্ঞান সম্পাদক শামীম আহমেদ, ফুলকুঁড়ি আসর নওগাঁ শাখার পরিচালক রবিউল ইসলাম, সহকারী পরিচালক মাশরুম আহম্মেদ মিতুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশকে সবুজে সমৃদ্ধ করার লক্ষ্যে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
শাখা পরিচালক জানান, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে আম, পেয়ারা ও ঔষধিসহ ৩ শতাধিক গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষপ্রেম জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে।