খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহিদের মাদ্রাসা পড়ুয়া এক নাবালিকা আত্মীয়কে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ওমর ফারুক (৪০) কে আটক করেছে পুলিশ।তিনি ভিকটিমের সহ- পাঠিনীর বাবা ও পেশায় চা দোকানদার।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাতাছড়া ইউনিয়ন এর থলিপাড়া এলাকায়। ভিকটিমের আত্মীয় ও জুলাই শহিদ মজিদের বড় ভাই মইন জানান, শুক্রবার দুপুরে সপ্তম শ্রেণির ওই ছাত্রী (১৩) নানির বাড়ির রান্নাঘরে একা কাজ করছিল। এ সময় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশি ওমর ফারুক রান্নাঘরে ঢুকে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয়।
প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওমর ফারুক তাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং টেনে-হেঁচড়ে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনার সময় ভিকটিমের নানী পার্শ্ববর্তী জলাশয়ে মাছ ধরছিলেন এবং বাড়ির অন্য সদস্যরা রামগড়ে আত্মীয়র বাড়িতে ছিলেন।
ঘটনার পর অভিযুক্ত গা ঢাকা দিলে শুক্রবার রাত ১টার দিকে ভিকটিমের মামা বাদী হয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসীর সহযোগিতায় শনিবার সন্ধ্যায় ওমর ফারুক কে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম জানান, আজ শনিবার সন্ধ্যায় এলাকা বাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামি কে আদালতে সোপর্দ করা হবে।