
নওগাঁর রাণীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় রাণীনগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামের মো. লিটন হোসেন (৩৮), পিতা: মো. গফুর হোসেন (দুলু)-এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বাড়ির শয়নকক্ষে রাখা একটি চালভর্তি ড্রামের ভেতর থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক ওজন ৯ দশমিক ৫ কেজি। স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় এটি কষ্টিপাথরের তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানায়, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ ঘটনায় রাণীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি | মাশরুম আহম্মেদ মিতুল 

















