লোহাগাড়ার ঐতিহ্যবাহী পদুয়া স্কুল মাঠ ও উপজেলা ক্রীড়া সংস্থার পরিদর্শন ও দ্রুত রূপান্তরের দাবিতে আলোচনা সভা

লেখক: ফাহাদ চৌধুরী ( লোহাগড়া) চট্টগ্রাম প্রতিনিধি।
প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬

 

উপযুক্ত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় রূপ নিয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া স্কুল মাঠ। একসময়ের মুখরিত এই খেলার মাঠটিতে দীর্ঘদিন কোনো উন্নয়ন বা সংস্কার কাজ না হওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও তীব্র জলাবদ্ধতা। এর ফলে মাঠটি বর্তমানে সম্পূর্ণ খেলার অনুপযোগী হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়ামোদীদের ওপর। নিয়মিত অনুশীলনের সুযোগবঞ্চিত হওয়ায় তরুণ প্রজন্মও খেলাধুলা থেকে ক্রমশ বিমুখ হয়ে পড়ছে।

মাঠটির অতীত ঐতিহ্য ফিরিয়ে এনে যুবসমাজকে পুনরায় মাঠমুখী করতে সম্প্রতি এক বিশেষ পরিদর্শন ও আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী। উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফৌজলু।

প্রধান অতিথির বক্তব্যে ফৌজুল কবির ফৌজলু বলেন, দায়িত্বশীল কর্তৃপক্ষের অবহেলার কারণেই ঐতিহ্যবাহী পদুয়া মাঠটির আজ এমন করুণ দশা। তিনি জোর দিয়ে বলেন, স্থানীয় পর্যায় থেকে সবাই যদি একাত্ম হয়ে সহযোগিতা করেন, তবে এই মাঠ থেকেই আগামীতে জাতীয় মানের খ্যাতনামা খেলোয়াড় তৈরি সম্ভব। যুবসমাজকে বিপথগামিতা ও মাদকের হাত থেকে রক্ষা করে সুস্থ মানসিক বিকাশের স্বার্থে মাঠটি জরুরি ভিত্তিতে সংস্কারের জোর দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি নাসির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম শাহাবুদ্দিন, এস এম জাকারিয়া, মোর্সেল মাহমুদ, চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রঞ্জন মিত্র ও চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নবাব।

সভায় মাঠটির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংগঠক মোবারক হোসেন, নাসির উদ্দিন, মোস্তাফিজ, শাহাবুদ্দিন, মামুনুর রশিদ, আরিফ উদ্দিন, হেলাল উদ্দিন, কফিল উদ্দিন, গিয়াস উদ্দিন, হাসান শাহেদ, মোহাম্মদ সাকিব, এহসান আব্দুল্লাহ, মোঃ হাসান, শাকিল মোঃ নয়ন, মোহাম্মদ নাসির, আমান, দিদার, আবুল বশর ও আকবর। এছাড়াও স্থানীয় উদীয়মান খেলোয়াড় নজরুল ইসলাম, আব্দুল্লাহ্, অনুকূল, বিপ্লব, ইউসুফ ও সাজ্জাদসহ বিপুল সংখ্যক তরুণ ক্রীড়াপ্রেমী উপস্থিত থেকে দ্রুত মাঠ সংস্কারের দাবি জানান।