ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওয়েলফেয়ার পরিষদের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্ত লেখিকা ও আবহাওয়াবিজ্ঞানী মির্জা নিলুফার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন মবুর।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা-এর নির্বাহী পরিচালক মো. এনামুল হক, বাংলাদেশ ওয়েলফেয়ার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ড. খান সাইফুল হাসান, এলজিআরডির অতিরিক্ত রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং এসইএসআইপির কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার আল মামুন গাজী।
সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত সামাজিক প্রচেষ্টা প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক তালাত সরোয়ার জাহান, নির্বাহী সদস্য মো. জাকির হোসেন ও কাজী আশরাফুল হক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ফরিদুল ইসলাম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক উজ্জ্বল কান্তি দাস, কৃষি প্রকল্পবিষয়ক সম্পাদক কাজী মাহবুব আলম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপুন, অর্থ সম্পাদক এম.এইচ.এম. মোছাদ্দেক এবং সাংগঠনিক সম্পাদক এম. জুয়েল রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল ওহাব, সৈয়দা তাজ নাহার কাজল ও মো. সোহরাব হোসেন মজুমদার এবং সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক তাজ ফারজানা আফরোজা শারমিন অনুষ্ঠানে অংশ নেন।