ইউএনওর নির্দেশে ঈদগাঁওয়ের কলেজ গেইটে উচ্ছেদ অভিযান

লেখক: আবু হেনা সগর ঈদগাঁও প্রতিনিধি
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬

ঈদগাঁও উপজেলার কলেজ গেইট সংলগ্ন মহা সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান পাট উচ্ছেদ করলো ইউনিয়ন পরিষদ ও পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মার্মার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর নেতৃত্বে অভিযানে গ্রাম পুলিশ (চৌকিদার), থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

স্থানীয় সূত্র মতে,কলেজ গেইট এলাকার মহা সড়কের পাশে অবৈধ দোকানপাট স্থাপনের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও সাধারণ পথ চারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে কলেজগামী শিক্ষার্থীদের সড়ক ব্যবহার করতে গিয়ে নানা ভোগান্তিতে পড়তে হতো। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু সিন্ডিকেটের দখলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

অবশেষে প্রশাসনের নির্দেশনায় এমন উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সড়কের পাশের জায়গা দখলমুক্ত হয়। এতে শিক্ষার্থী ও পথচারী দের চলাচল সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সচেতন মহল জানান,জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে উচ্ছেদ করা স্থানগুলো যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি কামনা করেছেন তাঁরা।