কালিয়াকৈরে ফসলি জমির মাটি কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 28, 2026

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক – গাজীপুর জেলার উপজেলার দরবার রিয়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে নদীর পাশের জমি ভেঙে পড়ার ঝুঁকি বেড়ে গিয়ে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত। গভীর রাত থেকে শুরু করে দিনের বেলাতেও প্রকাশ্যে ট্রাক ও ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছে। ফলে কৃষকের জমি অনাবাদি হয়ে পড়ছে এবং নদী তীরবর্তী এলাকায় ভাঙন দিন দিন তীব্র আকার ধারণ করছে।

এলাকাবাসী জানান, এক সময় যেখানে ধান ও সবজি চাষ হতো, সেখানে এখন বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ভবিষ্যতে জলাবদ্ধতা ও ভূমিধসের মতো সমস্যার আশঙ্কাও দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য,
“আমাদের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে চাষাবাদ করা অসম্ভব হয়ে পড়ছে। বারবার প্রতিবাদ করলেও প্রভাবশালীদের ভয়ে আমরা মুখ খুলতে পারছি না।”

এ পরিস্থিতিতে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনো ফসলি জমির মাটি কাটা না হয়, সে জন্য কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের মতে, ফসলি জমি রক্ষা করা শুধু কৃষকের স্বার্থের বিষয় নয়; এটি দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গেও সরাসরি জড়িত। তাই দরবার রিয়া এলাকাসহ কালিয়াকৈর উপজেলায় অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের দ্রুত অভিযান ও কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।