কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 29, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি | ২৯ মে ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৯ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতের খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

পরে সীমান্তে টহলরত কাশিপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে দুপুরে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুশইন হওয়া ব্যক্তিরা ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার এলাকার বাসিন্দা।

পুশইন হওয়া ব্যক্তিরা হলেন:

  • বাইদুল ইসলাম (৬৫)

  • তার স্ত্রী মোছা. আমিরন বেগম (৪৫)

  • মেয়ে রুমি খাতুন (২০)

  • জামাতা আপেল (২৯)

  • নাতি হৃদয় (৩)

  • মিনা বেগম (৩০)

  • তার স্বামী জয়নাল আবেদীন

  • কন্যা জুই (১০) ও মীম (৭)

  • নুর হামিদ (৭), পিতা: আমিনুল ইসলাম

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “বিজিবি সদস্যরা পুশইন হওয়া ৯ জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তাদের পরিচয় যাচাই করে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”