শহীদুল ইসলাম শরীফ,
সিনিয়র স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার দোহার উপজেলার মধুরচর আশ্রয়কেন্দ্রের বাসিন্দা এবং স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার, ২৭ মে, ২০২৬, বিকেলে ঢাকা-১ আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে মধুরচর আশ্রয়কেন্দ্রের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের অনুকূলে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদের ঠিক আগ মুহূর্তে এই উপহার পেয়ে আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের জন্য এই উপহার নিয়ে এসেছি। এলাকার প্রতিটি প্রান্তিক মানুষ যেন আনন্দের সাথে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করতে পারেন, সেটাই বিএনপির মূল লক্ষ্য। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও যে কোনো সংকটে বা উৎসবে আপনাদের পাশে থাকবে। উপজেলার কোনো একটি পরিবারও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে দল কাজ করে যাচ্ছে।”
মধুরচর আশ্রয়কেন্দ্রে আয়োজিত এই উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী।
এছাড়াও দোহার উপজেলা ও স্থানীয় পৌরসভা-ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপহার নিতে আসা আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা জানান, ঈদের আগে এই ধরনের সহায়তা তাদের উৎসবের প্রস্তুতিকে অনেক সহজ করে দিয়েছে। তারা সংসদ সদস্যসহ এই আয়োজনের সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মন্তব্য করুন