প্রতিবেদক-মাশরুম আহম্মেদ মিতুল
নওগাঁ
গত ২৫ মে ২০২৬ ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ১০ জন শ্রমিক নিহত এবং ৫ জন আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নিহত শ্রমিকদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তবে মানবিক দায়িত্ববোধ থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে সংগঠনটি কাজ করে যাবে।
অনুষ্ঠানে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্যও সহায়তা প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, নিহত ও আহত শ্রমিকদের স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ মে ২০২৬ ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় টাঙ্গাইল এলাকায় শ্রমিক বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১০ জন শ্রমিক নিহত এবং ৫ জন আহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন