মৌলভীবাজারে বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন

লেখক: শেখ মোঃ আব্দুল হামিদ সিলেট বিভাগীয় প্রতিনিধি
প্রকাশ: July 7, 2026

মৌলভীবাজার সদর উপজেলার চিকারাইল এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে সংঘবদ্ধ হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং নগদ ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিন্টু মিয়া মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত আবেদন করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ০৬-০৭-২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বসতবাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে মিন্টু মিয়া, তার ছেলে ও স্ত্রী আহত হন বলে অভিযোগে দাবি করা হয়েছে। একই সময় মিন্টু মিয়ার পকেট থেকে ৫০ হাজার টাকা এবং তার ছেলের পকেট থেকে ৬ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। পরিবারের এক নারী সদস্যকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করা হয়েছে।
আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে থানায় লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, স্থানীয় সাধারণ জনগণের দাবি, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বেড়ে যেতে পারে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেখ মোঃ আব্দুল হামিদ সিলেট বিভাগীয় প্রতিনিধি

শেখ মোঃ আব্দুল হামিদ সিলেট বিভাগীয় প্রতিনিধি