
নওগাঁ সদর উপজেলার ৭নং বোয়ালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দোগাছি মধ্যেপাড়া এলাকায় ইউনিয়ন উন্নয়ন সহায়তা (ইউজিডিপি) প্রকল্পের আওতায় নির্মিত সিসি সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি অর্থ বরাদ্দের প্রকল্পে পুরো রাস্তা নির্মাণের কথা থাকলেও বাস্তবে মাত্র অর্ধেক অংশ পাকা করা হয়েছে। বাকি অংশ কাঁচা রেখেই কাজ শেষ দেখানো হয়েছে বলে অভিযোগ তাদের।
সরেজমিনে দেখা যায়, রাস্তার একটি অংশে সিসি ঢালাই করা হলেও পাশের অংশটি আগের মতোই কাঁচা ও চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। এতে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “সরকার উন্নয়নের জন্য টাকা দিচ্ছে, কিন্তু মাঠপর্যায়ে সেই উন্নয়নের সুফল আমরা পাচ্ছি না। অর্ধেক রাস্তা পাকা করে বাকি অংশ ফেলে রাখার কোনো যৌক্তিকতা নেই। এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।”
প্রকল্পের সাইনবোর্ড অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা (ইউজিডিপি) প্রকল্পের আওতায় ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে দোগাছি মধ্যেপাড়ার নির্দিষ্ট সড়ক সিসি ঢালাইয়ের কাজ বাস্তবায়নের কথা। তবে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজ সম্পূর্ণ না হওয়ায় সাইনবোর্ডে উল্লেখিত উন্নয়নের সঙ্গে বাস্তব চিত্রের মিল নেই।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকল্পের কাজের মান, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার এবং অসমাপ্ত কাজের কারণ খতিয়ে দেখা হোক। একই সঙ্গে প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবশিষ্ট রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন তারা।
মেরাজুল ইসলাম নওগাঁ প্রতিনিধি 



















