পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

লেখক: আবু হেনা সগর ঈদগাঁও প্রতিনিধি
প্রকাশ: নভেম্বর ৬, ২০২৬

ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।​বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারসংলগ্ন পার্শ্ববর্তী ফসলি জমিতে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলী জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে পাচার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটিসহ তিনটি ডাম্পার জব্দ করা হয়।পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় গাড়ির মালিক তিনজনকে তাৎক্ষণিক অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, তারেকুল ইসলাম,আবু তাহের ও মো. রিশান। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ​অভিযান পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং পোকখালী ইউনিয়নের সচেতন জনসাধারণ সহযোগিতা প্রদান করেন।​উপজেলা প্রশাসন ঈদগাঁওবাসীর স্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।