আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের বৈঠক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 26, 2025

নিজস্ব প্রতিবেদক:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অভিযানের অগ্রগতি এবং সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে বসেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে মূল আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে— দেশব্যাপী চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কার্যক্রম রোধ, উসকানিমূলক সাইবার প্রচারণা মোকাবিলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা দমন।

এছাড়া বৈঠকে শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী কর্মকাণ্ড প্রতিরোধ, শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে উদ্যোগ, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা বিষয়ে আলোচনা হয়।

সীমান্ত ও পার্বত্যাঞ্চল পরিস্থিতি, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা, মা ইলিশ সংরক্ষণ এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।