ভোগান্তির আরেক নাম ধর্মপাশা থেকে গাছতলা যাওয়ার রাস্তা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 12, 2026

!সুনামগঞ্জ ধর্মপাশা থেকে গাছতলা বাজার পর্যন্ত সড়কটি যেন এখন ভোগান্তির আরেক নাম। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে গিয়ে রাস্তা সরু হয়ে পড়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহনকে।ধর্মপাশা-মধ্যনগর সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। এর মধ্যে ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের অবস্থাই সবচেয়ে নাজুক বলে স্থানীয়রা জানিয়েছেন। বেহাল সড়কের কারণে ধর্মপাশা সদর, সেলবরষ, পাইকুরাটি, মধ্যনগরসহ আশপাশের এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে এতটাই বড় গর্ত তৈরি হয়েছে যে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। বিপরীত দিক থেকে দুটি যানবাহন এলে অনেক জায়গায় পাশ কাটানোর পর্যাপ্ত জায়গা থাকে না। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং যাত্রীদের সময়ও নষ্ট হচ্ছে।শুধু স্থানীয় মানুষের যাতায়াত নয়, ধর্মপাশা-মধ্যনগর সড়কটি হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এই সড়ক ব্যবহার করে পর্যটকেরা টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, বারেকের টিলাসহ বিভিন্ন পর্যটন এলাকায় যাতায়াত করেন। ফলে সড়কের দুরবস্থার প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও।এদিকে সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। কোথাও সড়কের অংশ ভেঙে যাওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।স্থানীয়দের দাবি, বারবার আশ্বাস নয়—তারা এবার চান দ্রুত ও টেকসই সংস্কার। সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হলে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।এলাকাবাসীর প্রশ্ন—আর কতদিন এমন ভাঙাচোরা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের একটাই দাবি, দ্রুত ধর্মপাশা-গাছতলা সড়কের স্থায়ী সংস্কার করা হোক।