দলিল লেখক সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি রশিদ, মহাসচিব টমাস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 26, 2025

নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ দলিল লেখক সমিতির নতুন ২৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে এম এ রশিদ সভাপতি এবং কে এস হোসেন টমাস মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে রফিকুল ইসলাম সরকার ও নুরুল হক মিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান, এ তাহের, মুস্তাফিজুর রহমান মল্লিক ও শরিফুজ্জামান সজল ভাইস চেয়ারম্যান, এস এম আয়নাল হক, মো. ফিরোজ আলম ও আমিনুল ইসলাম আখন্দ সিনিয়র যুগ্ম মহাসচিব, এবং মো. রুহুল আমিন খান, মোহাম্মদ আরজু আখন্দ ও মো. সিদ্দিকুর রহমান লিটু যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সম্মেলনে দলিল লেখক সমিতি সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
  • সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুত দলিল প্রতি ন্যূনতম ৪ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।
  • লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না।
  • থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে।
  • পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে দলিল লেখকদের কোনো মামলায় অভিযুক্ত করা যাবে না।
  • অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদানে থানা ও জেলা কমিটির সুপারিশ বাধ্যতামূলক করতে হবে।
  • দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।