নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে পুলিশের শিথিলতা সহ্য করা হবে না।
সোমবার (০২ মার্চ ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সকল জেলার পুলিশ সুপারদের (এসপি) সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
আইজিপি বলেন, “মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।” এক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে বিশেষ তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে এখন থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান।
থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, “মানুষ যেন থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে হবে। পুলিশ সদস্যদের সদাচরণের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।” তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই যেন নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়।
মাদকের বিস্তার রোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হলে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন অপরিহার্য। ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিময় দেশ উপহার দিতে তিনি পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।