সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আগামী কয়েক দিনের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে হাওরের বোরো ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা তৈরি হওয়ায় কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-১-এর পক্ষ থেকে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ উজানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ২৭ এপ্রিল থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে এবং ২৮ থেকে ৩০ এপ্রিলের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এর ফলে ধর্মপাশা উপজেলার হাওরাঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদী, কুশিয়ারা নদী, ধনু-বাউলাই নদী ও ভুগাই-কংস নদীসহ প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ২৮ এপ্রিল থেকে এসব নদীর কোথাও কোথাও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।পানি উন্নয়ন বোর্ড জানায়, আকস্মিক বন্যা দেখা দিলে ধর্মপাশার হাওরের বোরো ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। তাই যেসব জমির ধান ইতোমধ্যে ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো আগামী ২৮ এপ্রিলের আগেই দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।ধর্মপাশায় দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, “২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। কৃষকদের অনুরোধ করছি, পেকে যাওয়া ধান দ্রুত কেটে নিরাপদে সংরক্ষণ করুন, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো যায়। এ বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সবাইকে জানানো হচ্ছে।”
রিপোর্টারের নাম 



















