মৌলভীবাজারে ঠান্ডাজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ২০ মাস বয়সী শিশু মোহাম্মদ সাইফান আহমদের মৃত্যু হয়েছে। সর্বশেষ সিলেটের রাকিব আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।
শিশুটির পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উন্নত চিকিৎসার আশায় প্রথমে তাঁর সন্তানকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর সিলেটের রাকিব আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়িয়েও শেষ পর্যন্ত সন্তানকে বাঁচাতে পারেননি তাঁরা।
সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী শেখ লিমা আক্তারের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাজীর মোকাম এলাকায়।
এই মর্মান্তিক মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের কাছে সরকারি হাসপাতালই চিকিৎসার অন্যতম প্রধান ভরসা। বিশেষ করে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সরকারি হাসপাতাল অনেক সময় শেষ আশ্রয়স্থল। কিন্তু সেখানে চিকিৎসা নিতে গিয়েও যদি রোগীর পরিবারকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হয়, তাহলে জরুরি চিকিৎসাসেবার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
পরিবারের প্রশ্ন, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মতো বড় সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়ার পরও কেন তাঁদের সন্তানকে বাঁচানো গেল না? রোগীর জরুরি অবস্থায় যথাযথ চিকিৎসা, প্রয়োজনীয় ব্যবস্থা এবং সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছিল কি না—তা খতিয়ে দেখা জরুরি।
সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি, শিশুটির চিকিৎসার পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে পর্যালোচনা করা হোক। চিকিৎসায় কোনো অবহেলা, সমন্বয়হীনতা কিংবা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
একটি ২০ মাসের শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের ব্যক্তিগত শোকের বিষয় নয়; এটি সরকারি স্বাস্থ্যসেবার মান, জরুরি চিকিৎসাব্যবস্থা ও জবাবদিহি নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে।
মাত্র ২০ মাসের সন্তানকে হারিয়ে শোকের সাগরে ডুবে আছেন বাবা-মা ও স্বজনরা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ ছোট্ট শিশু মোহাম্মদ সাইফান আহমদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করুন। আমিন।