প্রতিবেদক-মশরুম আহম্মেদ মিতুল
নওগাঁ সদর উপজেলা প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলায় ধারালো হাসুয়া প্রদর্শন করে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে নওগাঁ জেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুলতানা রাজিয়া ও তার মা শাহানারা বেওয়া লোহার রড কেনার উদ্দেশ্যে কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ির মূল ফটকে তালা লাগানোর সময় স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আব্দুল আলীম (৫০) ধারালো হাসুয়া হাতে তাদের ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত আলীম তাদের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ এবং সুলতানা রাজিয়ার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগী ও তার মা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তবে অভিযুক্ত ব্যক্তি হাতে থাকা ধারালো হাসুয়া প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় ছিনতাইকারীকে গ্রেফতারে নওগাঁ সদর থানার একটি বিশেষ টিম অভিযান শুরু করে। সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন।
পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত আব্দুল আলীমকে ব্যবহৃত ধারালো হাসুয়াসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন