লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক: রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: June 13, 2025

নিজস্ব প্রতিবেদক:
লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন ২০২৫) লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তারেক রহমান। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, রমজানের পূর্ববর্তী সময়ে নির্বাচন হলে সেটি সময়োপযোগী ও জনবান্ধব হবে।

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তিনি ইতোমধ্যে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব। তবে সে ক্ষেত্রে নির্বাচন-পূর্ব প্রয়োজনীয় সংস্কার ও বিচারসংক্রান্ত অগ্রগতি নিশ্চিত করতে হবে।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং বিএনপির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান। একইভাবে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসও ফলপ্রসু আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।