বিরহী কবি মাজেদুল হক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬

বাংলা সাহিত্যাঙ্গনে প্রেম, বিরহ, মানবিকতা ও জীবনবোধের কবি হিসেবে পরিচিত মাজেদুল হক। সাহিত্যজগতে তিনি সমাদৃত ‘বিরহী কবি’ উপাধিতে।

কবি মাজেদুল হক ১৯৭৭ সালের ৩ জুলাই, বাংলা ১৯ আষাঢ়, বাংলাদেশের নেত্রকোণা জেলার সদর উপজেলার পাটলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এস এম কিতাব আলী এবং মাতা বেগম আয়েশা খাতুন।

কিশোর বয়স থেকেই লেখালেখির প্রতি তাঁর আগ্রহ জন্মে। বি.এ. অধ্যয়নরত অবস্থায় তাঁর প্রথম লেখা পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিয়মিত তাঁর কবিতা, ছড়া ও বাণী প্রকাশিত হয়ে আসছে। প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত থাকার পাশাপাশি তিনি অব্যাহত রেখেছেন সাহিত্যচর্চা।

সাহিত্যজীবনে তাঁর উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ২০১৭ সালে ‘সেরা ছড়াকার’ সম্মাননা। নেত্রের আশা ও মুক্তির আশা পত্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত ছড়া প্রতিযোগিতায় তিনি এ সম্মাননা অর্জন করেন।

২০২২ সালে ‘অক্ষরে অমরতা’ স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন কলম একাডেমি লন্ডন ও কলম টিভির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীর উদ্যোগে সাহিত্যে বিশেষ অবদান এবং তাঁর সাহিত্যচিন্তার স্বীকৃতিস্বরূপ কবি মাজেদুল হককে প্রাতিষ্ঠানিকভাবে ‘বিরহী কবি’ উপাধিতে ভূষিত করা হয়।

এ ছাড়া ২০২৪ সালে হাজার কবির কবিতা সাহিত্য পরিষদ তাঁকে ‘জহিরুল সাহিত্য পুরস্কার’ প্রদান করে।

কবির লেখায় প্রেমের মাধুর্য, বিরহের বেদনা, দাম্পত্য সম্পর্ক, মানবিক আচরণ ও সামাজিক মূল্যবোধ বিশেষভাবে উঠে এসেছে। তাঁর একটি জনপ্রিয় বাণী—

“বিরহ আমার পুঁজি,
সুখের ঠিকানা খুঁজি।”

সহজ-সরল ভাষায় মানুষের অনুভূতি ও জীবনের বাস্তবতা তুলে ধরাই তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবৃত্তিশিল্পীদের কণ্ঠে তাঁর কবিতা পরিবেশিত হয়েছে; তাঁর সাহিত্যকর্ম দেশের বাইরেও পরিচিতি পেয়েছে বলে জানা যায়।

সাহিত্যচর্চা, সম্মাননা ও সৃজনশীল লেখনীর ধারাবাহিকতায় কবি মাজেদুল হক এগিয়ে চলেছেন নিজস্ব সাহিত্যিক পরিচয় নিয়ে।

বিরহী কবি মাজেদুল হকের সাহিত্যজীবন আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা সকল সাহিত্যপ্রেমীর।

শিরোনাম