কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। গতকাল সকালে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের জীবনমান, নিরাপত্তা ও সুযোগসুবিধা পর্যবেক্ষণ করেন।তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে এসেছেন এডিনবার্গ সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সফরকালে সোফি প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউনিসেফ পরিচালিত ‘উইমেন ফ্রেন্ডলি স্পেস’ এবং রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার ঘুরে দেখেন। দুপুরে তিনি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের জীবনযাপন, নানা সংকট ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ ছাড়া উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সংস্থার পরিচালিত উন্নয়নমূলক কাজ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরও জানান, ডাচেস অব এডিনবার্গ সোফি বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গাদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগও পরিদর্শন করেন।এদিকে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) ও সাভারের বিকেএসপি পরিদর্শন করেন ডাচেস অব এডিনবার্গ।