ঈদগাঁওতে নবজাতক হত্যাচেষ্টার মামলায় তিনজন কারাগারে

লেখক: আবু হেনা সগর ঈদগাঁও প্রতিনিধি
প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬

 কক্সবাজারের ঈদগাঁওয়ে টয়লেটের কমোডে নবজাতককে ফেলে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় নবজাতকের মা তাসফিয়া জান্নাত তামান্না, তার মা রোজিনা আক্তার ও খালা মর্জিনাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুনানি শেষে বুধবার বিকেলে আদালত তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে হাসপাতালে চিকিৎসাধীন নবজাতকের মা তাসফিয়াসহ বাকি দুজনকে আদালতে সোপর্দ করে। অন্যদিকে উদ্ধার হওয়া নবজাতককে কক্সবাজার সদর হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মোবারক সাঈদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে পাঠানো নবজাতকের মায়ের চিকিৎসার প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হাসপাতালে নবজাতকের পাশে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করার বিষয়টি বিবেচনার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি।এর আগে বুধবার দিনের বেলায় গ্রেপ্তার ব্যক্তিদের এলাকার যুবক মোর্শেদ কামাল বাদী হয়ে ঈদগাঁও থানায় মামলাটি করেন। জনস্বার্থে দায়ের করা এ মামলায় ঘটনার সঙ্গে জড়িত কথিত প্রেমিক আবুল কালাম এবং নবজাতকের মা তাসফিয়াসহ চারজনকে আসামি করা হয়েছে।মামলার প্রধান আসামি আবুল কালাম কক্সবাজারের পার্শ্ববর্তী খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জালাল আহমদের ছেলে। তিনি পেশায় টমটমচালক। নবজাতকের মায়ের দাবিকৃত কথিত প্রেমিক তিনি।এদিকে ঘটনার একদিন পর আবুল কালাম দাবি করেন, তাঁরা আগেই গোপনে বিয়ে করেছেন। যদিও তাঁর আগে থেকেই আরেকজন স্ত্রী রয়েছেন।ঘটনার পর উদ্ধার হওয়া নবজাতকের পিতৃপরিচয় ও ভবিষ্যৎ এবং তার সার্বিক পরিস্থিতি নিয়ে মা ও তাঁর পরিবারের পক্ষ থেকে কোন উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁদের মধ্যে অনুশোচনা কিংবা আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও ছিলনা। বরং অনৈতিক সম্পর্কে জড়িত দুই পক্ষই ঘটনাটি ধামাচাপা দেওয়ার নানা কৌশল অবলম্বন করে বলে অভিযোগ করা হয়েছে।এ পরিস্থিতিতে ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লি, আলেম সমাজ, মানবাধিকার সংগঠন গ্রিন ফোর্স এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। মঙ্গলবার রাতে তাঁরা ঈদগাঁও থানা প্রশাসনের কাছে এ দাবি উত্থাপন করেন।এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ প্রজন্মকে এ ধরনের অনৈতিক সম্পর্ক ও জঘন্য অপরাধ থেকে রক্ষার স্বার্থে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে জনস্বার্থে মামলাটি করা হয়। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আইনগত সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, এ ধরনের জঘন্য ঘটনার ক্ষেত্রে কোনভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। জনদাবি ও অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।গত সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী ট্রাক পার্কিং এলাকার একটি গণশৌচাগারের কমোড থেকে সদ্যোজাত এক ছেলে শিশুকে উদ্ধার করা হয়।

শিরোনাম