
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় অন্তত দুইজন শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট।
রোববার (১৫ জুন) সকাল ১১টায় রাজধানীতে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে কাফনের কাপড় পরে স্মারকলিপি প্রদান কর্মসূচি নিয়ে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয় বলে সংগঠনের নেতারা জানান। ফলে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সম্ভব হয়নি।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বর্তমানে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি এবং কাফনের কাপড় পরে আমরণ অনশন পালন করছেন শিক্ষকরা।
তাদের অভিযোগ, কর্মসূচি শান্তিপূর্ণভাবে চললেও স্মারকলিপি প্রদান করতে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় সৃষ্ট ধাক্কাধাক্কিতে সংগঠনের দুই সদস্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের মহাসচিব হযরত মাওলানা হোসেন খান হেলেন বলেন, “স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বছরের পর বছর ধরে বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত। আমাদের একমাত্র দাবি হলো নিবন্ধনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে জাতীয়করণের ঘোষণা দিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 


















