
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫ বছর বয়সী এক শিশু।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের ছেলে পিয়াস বড়ুয়া (৫)-কে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে এবং আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের স্বজনরা জানান, পরিবারের প্রধান উপার্জনকারী সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত রয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি : বর্ষা আক্তার 

















