
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেম, পরে পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন সুনামগঞ্জের ধর্মপাশার এক তরুণী ও চীনের এক যুবক| বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়| আগামীকাল শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ হাসপাতাল রোডের একটি বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে|
জানা গেছে, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের বাসিন্দা মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজার সঙ্গে প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয় হয় চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিনের (৩০)| বর্তমানে লিজার পরিবার নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডের একটি ভাড়া বাসায় বসবাস করছে| লিজা মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী|
লিজার পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন| ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁর নাম রাখা হয় মো. নুর উদ্দিন| একই দিন আইনজীবীর মাধ্যমে লিজার সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়|লিজার বাবা মো. নাজিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, চীনা দূতাবাস ও ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাইয়ের পর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে| বিয়ের পর ওয়্যাং সুলিন চীনে ফিরে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে লিজাকে সেখানে নিয়ে যাবেন|এদিকে বিদেশি জামাইকে ঘিরে মোহনগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে| এর আমজে ছড়িয়ে ধর্মপাশাতেও| চীনা যুবককে দেখতে ও ছবি তুলতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ|
রফিকুল ইসলাম টিটু ( ধর্মপাশা ) সুনামগঞ্জ প্রতিনিধি। 


















