নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ৪ নম্বর দয়ারামপুর ইউনিয়নের তালতলা (বিলপাড়া-কাজিরদিয়ার) গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গ্রামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, তরুণ সমাজ এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক শাহ আলম শাহিন, সরকারি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক জমশেদ আলী, বাউয়েট ইউনিভার্সিটির প্রতিনিধি (কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, নাটোর) এবং কবি, লেখক ও সমাজসেবক মো. জিয়াউর রহমান।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে গ্রামজুড়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় বাসিন্দা, তরুণ-তরুণী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তারা জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।