
নওগাঁর বদলগাছীতে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোর্শেদ হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। তিনি পত্নিতলা উপজেলার খিরসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষক তার দলবল নিয়ে প্রভাব খাটিয়ে এই রাস্তা দখল সম্পন্ন করেন। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাদের চলাচলের জন্য একটা রাস্তা রয়েছে তা তারা ব্যবহারও করছেন। মালিককানা একটি জমির ওপর নজর ছিল অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের। ঘটনার দিন আকস্মিকভাবে ওই শিক্ষকের নেতৃত্বে বেশ কিছু বহিরাগত ও স্থানীয় লোকজন লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে। তারা সেখানে থাকা সীমানা প্রাচীর বা অবকাঠামো ভেঙে ফেলে এবং জমিটি একাংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমিটির বৈধ কাগজপত্র তাদের নামে থাকা সত্ত্বেও ক্ষমতার দাপট দেখিয়ে শিক্ষক এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। বাধা দিতে গেলে ভুক্তভোগীদের নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, শিক্ষকতার আড়ালে এমন ভূমিদস্যুতা মেনে নেওয়া যায় না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু প্রকাশ্য দিবালোকে একজন স্কুল শিক্ষকের নেতৃত্বে আমাদের জমি দখল হয়ে যাবে, এটা ভাবতেও পারি না। আমরা প্রশাসনের কাছে আমাদের জমি উদ্ধার এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এই বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া যায় নি।
হুসাইন সুমন নওগাঁ (বদলগাছি) প্রতিনিধি। 



















