রাজধানীর পল্টনের বিজয়নগরে অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ‘মৌসুমি ফল উৎসব–২০২৬’ আয়োজন করেছে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচীর ডেভেলপমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন হোমস লিমিটেড-এর চেয়ারম্যান মাওলানা মোঃ আবু জাফর সালেহ এবং ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কামরুল আহসান হাসান বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে একটি মানবিক সমাজ গঠন সম্ভব।”
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “পথশিশুদের প্রতি আমাদের ভালোবাসা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতেই আজকের এই ফল উৎসবের আয়োজন। ভবিষ্যতেও ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
এ সময় ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমান, ফজলুর রহমান মিরাজসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ ও হাসিমুখে উৎসবটি এক আন্তরিক ও মানবিক পরিবেশে সম্পন্ন হয়।