কমলনগরে মেঘনায় রাতভর অভিযান, ১১ জেলের ৭ দিনের জেল

লেখক: হাবিবুর রহমান লক্ষীপুর জেলা প্রতিনিধি।
প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় পাঁচটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৭০ হাজার মিটার অবৈধ জাল ও প্রায় ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আটক জেলেদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার মাতাব্বর হাট থেকে মতিরহাট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ও সিনিয়র মৎস্য কর্মকর্তারা এবং কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে নদীতে মাছ ধরার পাঁচটি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল ও প্রায় ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটক ১১ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মেঘনা নদীতে ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

হাবিবুর রহমান লক্ষীপুর জেলা প্রতিনিধি।

হাবিবুর রহমান লক্ষীপুর জেলা প্রতিনিধি।

শিরোনাম