নিজস্ব প্রতিবেদক:
জনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১৪ জুলাই ২০২৫ (রবিবার) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, ধর্মঘট, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দ্য মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবিদাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ ও যান চলাচলে বিঘ্ন ঘটানোর মতো কার্যক্রম যেন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে এবং সহযোগিতা করতে পুনরায় অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার তার বিবৃতিতে উল্লেখ করেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রয়োজনে পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন নির্দেশনা দেওয়া হবে।