হবিগঞ্জের নবীগঞ্জে বরকান্দি, ভরগাঁও ও পানিউমদা এলাকার প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বন্ধ থাকা বিদ্যালয়টি পুনরায় চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে পাঠদান বন্ধ থাকায় স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ সীমিত হচ্ছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যালয়টি বিশ্বরোড থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি সরকারি রেকর্ডভুক্ত রাস্তার পাশে অবস্থিত। তাঁদের দাবি, প্রায় ৯ বছর ধরে বিদ্যালয়টিতে পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের ফলকে উল্লেখ রয়েছে, ২০১১ সালে নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তা ও এফআইভিডিবির সহযোগিতায় এটি নির্মিত হয়। ভূমিদাতা হিসেবে মোঃ রফিক খানের নাম উল্লেখ রয়েছে। বিদ্যালয়ের জমির পরিমাণ ১৫ শতক এবং নির্মাণ ব্যয় উল্লেখ করা হয়েছে ৯ লাখ ৭৪ হাজার ১৯৬ টাকা।
স্থানীয় বাসিন্দা নুর মিয়া বলেন, “আমাদের এলাকাটি দরিদ্র এলাকা। বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। এ কারণে বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে। এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু করা হলে এলাকার ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে।”
এলাকাবাসীর দাবি ও প্রত্যাশা
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে জমির কাগজপত্র, অবকাঠামো ও পূর্ববর্তী পরিচালনাব্যবস্থা যাচাই করবে। একই সঙ্গে প্রচলিত নীতিমালা অনুযায়ী বিদ্যালয়টি সরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বরকান্দি, ভরগাঁও ও পানিউমদা এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বিদ্যমান অবকাঠামো সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। বিদ্যালয়টি পুনরায় চালুর বিষয়ে শিক্ষা বিভাগের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা।