নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক মানব পাচারকারী (দালাল) সহ দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ (১০ অক্টোবর) শনিবার দুপুর সাড়ে ১২ টায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী ভবানীপুর এলাকা থেকে তাদেরকে আটক করেন।
আটককৃত পাচারকারী হলেন- নেত্রকোণার দুর্গাপুর থানার ভরতপুর গ্রামের মৃত এনফন্ট নকরেট ও পদনী সাংমার ছেলে সিলভার সাংমা।
অপরেদিকে আটক হওয়া দুই বাংলাদেশি হলেন— নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের আদর্শনগর কুলপতাক গ্রামের প্রাত সরকার (২০) এবং
পাশ্ববর্তী খালিয়াজুড়ী উপজেলার শালডিঙ্গা গ্রামের নিউটন সরকার (২০)।
বিজিবি সূত্রে জানাগেছে, প্রায় দুই মাস আগে আটককৃত তারা দুইজন বাংলাদেশি নাগরিক স্থানীয় মানব পাচারকারী সিলভার সাংমাকে ৬,০০০ টাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতের কোচবিহারে রাজমিস্ত্রির কাজ করতে যান। পরবর্তীতে আজ ১০ অক্টোবর সকাল আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের দিকে পুনরায় সিলভার সাংমাকে ৬,৫০০ টাকা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে।
আটককৃত বাংলাদেশি নাগরিকদের কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় যে তারা দুই মাস আগেই ভারতে গিয়েছিন।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত অতিক্রমের দায়ে পাচারকারী সিলভার সাংমাসহ তিনজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আটক পাচারকারী সিলভার সাংমা এর আগেও গত ৬ জুন ২০২৬ ইং তারিখে মানব পাচারের অপরাধে বিজিবির হাতে আটক করে দুর্গাপুর থানায় সুনির্দিষ্ট মামলায় সোপর্দ করা হয়।