কুড়িগ্রামে কিশোর-কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 11, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি
“শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙে ফেলি সব অন্তরায়” এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে কিশোর-কিশোরী সুরক্ষা মেলা-২০২৫।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে এবং চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টআরডিআরএস বাংলাদেশ-এর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান খলিল, জাতীয় যুব শক্তির আহ্বায়ক ও গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এম. রশিদ আলী, ওয়ার্ল্ড ভিশন কুড়িগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, কুড়িগ্রাম সদর উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, আরডিআরএস-এর ফিল্ড ফ্যাসিলিটেটর সাবরিনা সুমি, বেলগাছা যুব সংগঠনের সভাপতি মালতী রানী ও ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুরাদ রায়হান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলগাছা যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাফী ইসলাম।

মেলায় গণনাটক, কুইজ প্রতিযোগিতা, গণস্বাক্ষর সংগ্রহ, সফল মা-বাবাদের সম্মাননা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় ৪টি স্টল বসে, ৩ জন সফল মা ও ১ জন সফল বাবাকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়।