নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 17, 2025

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে এক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী।
এসময় আরও বক্তব্য দেন মো. ফারুক হোসেন, মো. হাসান, মো. জাহাঙ্গীর আলম, মো. মাহবুব ও মো. সুমন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আকাশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার এক দোকান ব্যবসায়ী একজন সাংবাদিককে মৌখিকভাবে হুমকি দেন এবং পরে ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, চার্জার ফ্যান কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে ওই ব্যবসায়ী সাংবাদিককে হুমকি ও অপমান করেন।
ভুক্তভোগী জানিয়েছেন, নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।