আবহাওয়ার পূর্বাভাস এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েকদিনের মধ্যে সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে জেলার কিছু এলাকায় পানি বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২৭ এপ্রিল ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়ে বর্তমানে ১ থেকে ১.৫ মাসের ত্রাণ মজুত রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ত্রাণ সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অতিরিক্ত চাহিদাপত্র পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক দল ও মেডিকেল টিম। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণ, উদ্ধার কার্যক্রমের জন্য নৌযান প্রস্তুত রাখাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জেলার যেকোনো এলাকা দুর্যোগে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নদ-নদীর পানির স্তরের সর্বশেষ তথ্য নিয়মিত প্রকাশের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে।
এদিকে দুর্যোগ সংক্রান্ত সার্বিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের জন্য জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের হটলাইন নম্বর ০১৬৮১-৩১৭১৯১-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসন সকলকে সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।