শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৬টায় শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে শহরের অবৈধ দখল, ফুটপাতের প্রতিবন্ধকতা এবং সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার আইনে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইনে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান জিসান, শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শায়েস্তাগঞ্জ শহরের যানজট নিরসন, অবৈধ দখলমুক্তকরণ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।