কক্সবাজার ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও নগদ দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ঈদগাঁও থানাধীন শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম শিয়াপাড়ার মৃত আলী মিয়ার ছেলে ফারুক মিয়া (৪২) এবং দরগাহপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে মো. সাজ্জাদ প্রকাশ আব্বুইয়া (২৭)। তারা দুজনই দস্যুতা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
পুলিশ ও অভিযোগ সূত্র জানান, ভুক্তভোগী রহিম উদ্দিন (২৮) মধ্যম শিয়াপাড়ার সোনা মিয়ার ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী। ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নিজ বসতবাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ফারুক মিয়া ও সাজ্জাদসহ আরও কয়েকজন তার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাকে মারধর করে। তার কাছে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশের একটি দল শিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন আসামির মধ্যে প্রধান দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মজুমদার জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে থানা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীর ছিনতাই হওয়া নগদ অর্থ উদ্ধার ও পলাতক অপর আসামিদের গ্রেফতারে পুলিশের সম্ভাব্য সকল স্থানে অভিযান অব্যাহত রয়েছে।