হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই
এই গুরুত্বপূর্ণ পয়েন্টে হাঁটুসমান পানি জমে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকছে দূরপাল্লার বাস, ট্রাকসহ শত শত যানবাহন।
স্থানীয় সূত্রে জানা যায়,
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যস্ত এই মহাসড়কে পানি জমে যাওয়ায় পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি
পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ভুক্তভোগী ট্রাকচালকরা জানান, পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছাতে যেখানে নির্দিষ্ট সময় লাগার কথা, সেখানে শুধু এই
জলাবদ্ধতা ও দীর্ঘ যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি যানবাহনের ইঞ্জিন ও যন্ত্রাংশেও ক্ষতি হচ্ছে।
অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও পরিবহন শ্রমিক নেতারা।