২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মোট তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে দুজনই সুনামগঞ্জের গাবী গ্রামের কৃতি সন্তান। এ সাফল্যে গাবী গ্রামসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থী হলেন—ধ্রুব তালুকদার ও আফরোজা আক্তার। তাদের অসাধারণ ফলাফলে পরিবার-পরিজনের পাশাপাশি গর্বিত গাবী গ্রামের মানুষ, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কঠোর পরিশ্রম, মেধা, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই তারা এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে। তাদের এই অর্জন গাবী গ্রামের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার পাশাপাশি এলাকার শিক্ষাঙ্গনেও আনন্দের বার্তা বয়ে এনেছে।
গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার সামন্ত বলেন, “এই দুই শিক্ষার্থী গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুনামের সঙ্গে ভালো ফলাফল করে বের হয়েছে। তাদের এই সাফল্যে আমরা গর্বিত। গাবীবাসীর অনেক স্বপ্ন রয়েছে এই দুই কৃতি সন্তানকে ঘিরে। আমরা আশা করি, তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এবং পরিবার, গ্রাম ও দেশের মুখ উজ্জ্বল করবে।”
ধ্রুব তালুকদার ও আফরোজা আক্তারের এই সাফল্যে তাদের পরিবার, শিক্ষক ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও বড় সাফল্য কামনা করেছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, গাবী গ্রামের এই দুই কৃতি সন্তান ভবিষ্যতে উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করে নিজেদের পরিবার, গ্রাম ও দেশের সুনাম বয়ে আনবে।